June 30, 2026
সমকাল
খেলাপি কমাতে বিশেষ ‘এক্সিট’ সুবিধা, সুদ মওকুফে বড় ছাড়
ব্যাংক খাতের রেকর্ড খেলাপি ঋণ কমাতে একের পর এক ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবারের এক নির্দেশনায় বলা হয়েছে, কোনো খেলাপি গ্রাহক পুরো ঋণ একবারে পরিশোধ করলে আয় খাতে নেওয়া সুদও মওকুফ করতে পারবে ব্যাংক। এ ক্ষেত্রে তহবিল ব্যবস্থাপনা ব্যয়ের চেয়েও বেশি সুদ মাফ করা যাবে। খেলাপি ঋণ আদায়ে বিশেষ এক্সিট সংক্রান্ত এক নীতিমালার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ ছাড় দিয়েছে। ব্যাংকাররা জানান, ব্যাংকগুলোর কোনো ঋণ নিয়মিত থাকলে আদায় হোক বা না হোক সুদ আয় খাতে নেওয়া হয়। আর একটি ব্যাংকের আয় থেকে সব ধরনের খরচের পর পরিচালন মুনাফা দেখিয়ে থাকে। একশ টাকা পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংক সাড়ে ৩৭ শতাংশ সরকারকে কর পরিশোধ করে। তালিকাভুক্ত নয় এ রকম ব্যাংকের পরিশোধ করতে হয় ৪০ শতাংশ।
প্রথম আলো
বাজেটে সংশোধনী : করমুক্ত আয়সীমা আরও বাড়ল, ব্যাংক হিসাবে টিআইএন নয়
সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা আরও বাড়িয়েছে। এই অর্থবছরের বাজেট প্রস্তাবের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান করমুক্ত আয়সীমা আরও বাড়ানো প্রয়োজন বলে মত দেন। অর্থমন্ত্রী এই প্রস্তাব গ্রহণ করেন। অর্থবিলে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা।
ফলে ১ জুলাই শুরু হতে যাওয়া অর্থবছরে করমুক্ত আয়সীমা মোট ৫০ হাজার টাকা বাড়বে। এতে মধ্যম আয়ের মানুষেরা আরেকটু স্বস্তি পাবেন। করমুক্ত আয়সীমা বৃদ্ধিসহ তিন ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব বাদ দেওয়া এবং ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খাতে নতুন কর ও ভ্যাট ছাড়যুক্ত করাসহ ৬৪টি সংশোধনী যুক্ত করে গতকাল জাতীয় সংসদে অর্থবিল, ২০২৬ পাস হয়।
বণিক বার্তা
নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি আজ: ইতিহাসের সর্বনিম্নে নেমে আসা বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোই বড় চ্যালেঞ্জ
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়ন করে আসছে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ার অংশ হিসেবে নীতি সুদহার দুই অংকের ঘরে উন্নীত করা হয়েছিল। যদিও চাহিদার লাগাম টেনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এ নীতি সফল হয়নি। উল্টো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপে পিষ্ট হচ্ছে বাংলাদেশের মানুষ। জিনিসপত্রের দামে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) প্রযোজ্য এ মুদ্রানীতি আজ ঘোষণা করা হবে।
দৈনিক আমাদের সময়
অর্থনীতির প্রাণভোমরা এসএমই, সম্ভাবনার সঙ্গে বাড়ছে চ্যালেঞ্জও
অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু একটি ব্যবসায়িক খাত হিসেবে নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। সহজ শর্তে অর্থায়ন, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ক্লাস্টারভিত্তিক শিল্পায়ন এবং বাজার সম্প্রসারণ নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।